বড়পর্দায় জনপ্রিয় সুপারহিরো ব্ল্যাক উইডোর ভূমিকায় একাধিক সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে দেখা গেছে স্কারলেট জোহানসনকে। আর বাস্তবে পাপারাজ্জির ভয়ে পুলিশের কাছে আশ্রয় নিলেন তিনি। সোমবার এমন ঘটনা ঘটে।
জানা যায়, একটি টিভি শো থেকে ফেরার পথে নায়িকার গাড়িকে তাড়া করে পাপারাজ্জিরা। ওই সময় নিকটবর্তী পুলিশ স্টেশনে হাজির হন স্কারলেট।
এর আগে ‘দ্য অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সহশিল্পী রবার্ট ডাউনি জুনিয়র, পল রুড ও ক্রিস হেমসওর্থের সঙ্গে এই অভিনেত্রী অংশ নেন জনপ্রিয় টিভি শো ‘জিমি কিমেল লাইভ’-এ। সেখানে মুক্তি প্রতীক্ষিত সিনেমার নানা বিষয়ে কথা বলেন তারা।
ইউএস টুডে জানায়, একটি গাড়িতে চড়ে দুই ব্যক্তি স্কারলেটের পিছু নিয়েছিল। ঘটনাটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ। তাদের কাছে নায়িকা জানান, দুই ব্যক্তির গতিবিধি তার কাছে বিপজ্জনক মনে হয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করেননি তিনি।
এদিকে ২৫ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে মার্ভেল কমিকসের সুপারহিরো চরিত্র নিয়ে নির্মিত ‘দ্য অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ক্রিস ইভান্স, টম হল্যান্ড, বেনেডিক্ট কাম্বারব্যাচ, মার্ক রাফেলোসহ অনেক তারকা।