টানা ম্যাচ। আজ এই ভেন্যু তো কাল ওই ভেন্যুতে ছোটে চলা। একটা ম্যাচ খেলার পর ক্লান্তি দূর করার ফুসরতটাও নেই। আইপিএলে এমনই সময় কাটছে ক্রিকেটারদের।
উপায় না দেখে এক শহর থেকে অন্য শহরে উড়ে যাওয়ার আগে বিমানবন্দরেই ঘুমিয়ে পড়তে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে।
মঙ্গলবার নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৭ উইকেটে হারিয়েছে ধোনির চেন্নাই। এই জয়ে কেকেআরকে পেছনে ফেলে শীর্ষেও ওঠে গেছে দলটি।
তবে ম্যাচের পর বিশ্রাম তো দূরে থাক, আনন্দ উদ্যাপনেরও সুযোগ মেলেনি চেন্নাই সুপার কিংসের। বৃহস্পতিবারই রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ। তাই বুধবার ভোরে জয়পুরে উড়ে যেতে হয়েছে ধোনির দলকে।
বিমানে ওঠার আগে ভোর রাতে তাই বিমানবন্দরের লাউঞ্জেই স্ত্রীর সঙ্গে শুয়ে পড়লেন ধোনি। ঘুমিয়ে নিলেন খানিকটা। সেটির ছবিও আর নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক।
ছবিতে দেখা যাচ্ছে ফ্লোরে একটি ব্যাগ রাখা, ধোনি ও সাক্ষী দুজনই সেটিতে মাথা রেখে ঘুমোচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হতে সময় নেয়নি।
ধোনি ছবিটি ক্যাপশনে লিখেছেন, ‘আইপিএলের সময়ের সাথে অভ্যস্ত হওয়ার পর, সকালে বিমান ধরতে আপনার কেমন লাগতে পারে?’’