পা হারানো রাসেলকে ৫ লাখ টাকা দিয়ে একমাস সময় পেল গ্রিনলাইন

রাজধানীর ধোলাইপাড়ে গ্রিনলাইন পরিবহনের বাস চাপায় বাম পা হারানো রাসেল সরকারকে আপাতত পাঁচ লাখ টাকা দিয়েছে গ্রিনলাইন পরিবহন। 

এ  ছাড়া বাকি পরিশোধে একমাস সময় পেয়েছে প্রতিষ্ঠানটি। 

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রাসেলের হাতে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। 

আদালত জরুরি ভিত্তিতে রাসেলের চিকিৎসার ব্যবস্থা করতে গ্রিন লাইন মালিককে নির্দেশ দিয়েছে।  

গত ৪ এপ্রিল হাইকোর্টের এই বেঞ্চ এক আদেশে চিকিৎসা খরছ হিসেবে ১০ এপ্রিলের মধ্যে ৫০ লাখ টাকা দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছিল। এর ব্যত্যয় হলে ১১ এপ্রিল থেকে ওই পরিবহনের টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে এবং বাস জব্দ করা হবে বলে মৌখিকভাবে হুঁশিয়ারি দেন হাইকোর্ট। 

বুধবার সকালে শুনানি নিয়ে বিকাল ৩টার মধ্যে রাসেলকে কিছু টাকা পরিশেঅধের নির্দেশ দেন আদালত। এরপরই পাঁচ লাখ টাকার চেক নিয়ে আদালতে আসেন গ্রিন লাইনের মালিক ও কর্মকর্তারা।     

আদালতে গ্রিন লাইন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী মো. অজি উল্লাহ। রিটের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা ও উম্মে কুলসুম স্মৃতি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। 

গত ৩১ মার্চ এক আদেশে রাসেলকে ৩ এপ্রিলের মধ্যে ৫০ লাখ টাকা দিতে গ্রিন লাইনকে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের এই বেঞ্চ। পাশাপাশি বৃহস্পতিবার বিষয়টি আদালতকে লিখিতভাবে অবহিত করতে বলা হয়। এর আগে ৩১ মার্চ সকালে গ্রিনলাইনের আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। 

গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি বাস বেসরকারি প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এসময় প্রাইভেটকার চালক গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা রাসেল সরকারের (২৩) সঙ্গে কথা কাটাকাটির জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয় চালক কবির মিয়া। পরে হাসপাতালে নেয়ার পর রাসেলের বাম পা কেটে ফেলতে হয়। ডান পায়েও গুরুতর জখম হয় তার। 

ওই দিনই চালক কবিরকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করে রাসেলের বড় ভাই আরিফ। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। গত বছরের ১৪ মে হাইকোর্টের একটি বেঞ্চ রিটের ওপর শুনানি নিয়ে পা হারানো রাসেলকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেন।