জাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক মারধর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হ্যান্ডবল খেলতে এসে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ খেলোয়াড়সহ তিন শিক্ষক মারধরের শিকার হয়েছেন। এতে চার শিক্ষার্থী গুরুতর  আহত হন।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগ পর্যন্ত  ইবি দল তিন পয়েন্টে এগিয়ে ছিল। এ সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের মারধর শুরু করে। স্ট্যাম্প ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় ইবি খেলোয়াড়দের।

শিক্ষক পরিচয় দিয়েও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মাহবুবুর রহমান মারধর থেকে রক্ষা পাননি বলে জানান। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড.সোহেল এর নাক ফেটে রক্ত পড়তে দেখা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা লজ্জিত। লজ্জা প্রকাশ ও ক্ষমা চাওয়া ছাড়া আমাদের এখন আর কিছু বলার নাই।