টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিল ট্রাফিক পুলিশ, গ্রেপ্তার ১

রাজধানীর ভাটারা থানা এলাকায় এক ব্যক্তির ছিনতাই হওয়া টাকা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় ছিনতাইকারী সন্দেহে সালাম (৩৪) নামে একজকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার দুপুরে ভাটারা থানার বসুন্ধরা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বাড্ডা জোনের যানবাহন পরিদর্শক এম এম বিল্লাল আহমেদ জানান, আশফাক নামে এক ব্যক্তি ডাচ বাংলা ব্যাংক থেকে ৬০ হাজার টাকা তুলে যাচ্ছিলেন। তিনি যমুনা ফিউচার পার্কের পকেট গেটের বিপরীতে পিঠা ঘরের সামনে পৌঁছালে দুজন লোক মোবাইলে কথা বলতে বলতে তার গতিরোধ করে। তাদের মধ্যে সালাম নামে একজন গায়ে পড়ে কথা বলার সুযোগে আশফাকের পেছনের ব্যাগ থেকে টাকা বের করে নেন।

কয়েকজন শিশু বিষয়টি দেখে দ্রুত ঘটনাস্থলের পাশে এমএম বিল্লাল আহম্মেদকে জানান। তিনি সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সাথে করে হাতেনাতে সালামকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

এরপর সালামের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করে টাকার প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

গ্রেপ্তার সালামকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে।