ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সাবিরুল ইসলাম সনেট সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক। সে ২০১৫-১৬ সেশনে বিশ্ববিদ্যালয় জালিয়াতি করে ভর্তি হয়েছে বলে গণমাধ্যমে খবর বের হয়।
সাবিরুল ইসলাম সনেট মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র আর আলামিন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে সূর্য সেন হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে হাতেনাতে ইয়াবাসহ আবাসিক শিক্ষকরা দু'জনকে আটক করেন।
সূত্র বলছে তারা ওই কক্ষে বসে নিয়মিত ইয়াবা সেবন করত।
আটকের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বলেন, ৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার ২৪০ টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
এ বিষয়ে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মাকসুদ কামাল বলেন, হল প্রশাসন এসব বিষয়ে খুব কঠোর। তাদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।