দিনাজপুরের হাকিমপুরে ভিজিডির প্রায় ২১ টন চাল আত্মসাতের অভিযোগে উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ৮টায় ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাম রসুল বাবু ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম জানান, চেয়ারম্যান ২০ হাজার ৯৪০ কেজি চালের কোনো হদিস দিতে পারেননি। এ ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রীতা লস্কর বাদী হয়ে চেয়ারম্যান গোলাম রসুলের বিরুদ্ধে মামলা করেছেন।
চেয়ারম্যান গোলাম রসুল বাবু গতকাল রাতে থানা হেফাজতে থাকাকালীন জানান, গত মঙ্গলবার জানুয়ারি মাসের বরাদ্দ পাওয়া এক মাসের চাল বিতরণ করা হয়েছে। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, চাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার চেয়ারম্যানকে গতকাল বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।