সর্বহারা পার্টির আঞ্চলিক প্রধান পরিচয়ে সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের তিন কর্মকর্তার কাছে মোবাইল ফোনে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে তাদের হত্যাসহ পোস্ট অফিস উড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছে ওই অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় প্রধান ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে আছেন। এ বিষয়ে ঘটনার দিনই সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং গতকাল বুধবার বিষয়টি পুলিশ সুপারকে লিখিতভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মাজেদুল হক।
মাজেদুল হক বলেন, ৮ এপ্রিল সকাল ১০টা ৪১ মিনিটে ০১৯০৯০৮৮১১৯ নম্বর মোবাইল থেকে প্রথমে আমার কাছে ফোন করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর পর ১০টা ৪৩ মিনিটে এবং ১০টা ৪৮ মিনিটে একই নম্বর থেকে ফোন করে প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আলীর কাছে ১ লাখ ও ডেপুটি পোস্টমাস্টার আব্দুল মতিনের কাছে একই রকম হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। এ ঘটনার পর থেকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হুমকির বিষয়টি পুলিশসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানা পুলিশ বুধবার অফিস পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান পোস্টমাস্টার।
সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, অপরাধীকে শনাক্তকরণ ও নিরাপত্তার বিষয়ে যা করণীয় সব করা হবে।