রাজধানীর খিলক্ষেত এলাকার রেললাইনের পাশ থেকে বুধবার নাজমুল (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কারনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করেন।
লাশটি খিলক্ষেত এলাকার লা মেরিডিয়ান হোটেলের আনুমানিক ২০০ গজ দক্ষিণে ও নিটল-নিলয় টাওয়ারের পাশে আফ রেল লাইনের পাশে ছিল। শিশুটির গলায় গামচা পেঁচানো ছিলো। ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ রেললাইনের পাশে ফেলে যাওয়া হয়েছে।
এসআই নজরুল আরও জানান, নাজমুলের বাবা মৃত আমির হোসেন। মা নাজমা বেগম গৃহপরিচারিকার কাজ করেন। তৃতীয় স্বামী খুরশিদ আলমকে নিয়ে তিনি খিলক্ষেত জামতলা এলাকায় একটি বস্তিতে থাকেন। আর নাজমুল স্থানীয় একটি একটি মাদ্রাসা ও এতিমখানা থেকে পড়ালেখা করে। সেটি কোন মাদ্রাসা জানাতে পারেননি নামজুলের মা।
অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করার পর সারাদিন অনেক খোঁজাখুঁজি করে তার মাকে খুঁজে বের করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মরহেদের ময়না তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।