রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের হেলপারের ধাক্কায় আসাদুজ্জামান চৌধুরী জীবন (২৮) নামে এক আইটি নির্বাহী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা বাজারসংলগ্ন ডিআইটি সড়কে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন আহত জীবনের বাবা দৈনিক দেশ রূপান্তরের প্রশাসনিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি জানান, তার একমাত্র ছেলে জীবন দুপুরে অফিসের উদ্দেশে রামপুরা থেকে নিকুঞ্জ যাওয়ার জন্য অনাবিল পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করেন। তখন হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় জীবনের বাম হাতটি চলন্ত গাড়িটির চাকার নিচে পড়ে যায়। জীবনকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এক পথচারী মহিলা এগিয়ে যান। তিনিই জীবনকে রামপুরা বেটার লাইফ হসপিটালে নিয়ে যান। খবর পেয়ে সেখানে ছুটে যান স্বজনরা; জীবনকে ভর্তি করান জরুরি বিভাগে। আনোয়ার হোসেন চৌধুরী আরও জানান, জীবন প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন। তার বাম হাতে পাঁচটি সেলাই করা হয়েছে। হাত প্লাস্টারও করা হয়েছে। জীবন খিলগাঁওয়ে বাবা-মার সঙ্গে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে রামপুরা জোনের ট্রাফিক পরিদর্শক মো. মসিউর রহমান বলেন, ‘আমি যতটুকু জানি সেটা হলো, ঘটনা শোনার পর থেকে আমরা গাড়িটি আটক করতে কাজ চালিয়ে যাচ্ছি। ঘটনার পর গাড়িটিকে রাস্তায় দেখা যায়নি। আমরা এরই মধ্যে সন্দেহজনক এই গাড়ির নম্বর শনাক্ত করতে পেরেছি। সেটি হলো-০৮৫৪।’ তিনি বলেন, ‘এ ঘটনায় এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ করা হয়নি। থানায় অভিযোগ করলে বা আমাদের জানানো হলে ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছি।’