জরিপে তথ্য

প্রতিদিন পানিতে ডুবে মারা যায় ৩০ শিশু

বাংলাদেশে পানিতে ডুবে প্রতিদিন গড়ে ৩০ শিশু মারা যায়। এ হিসাবে প্রতি বছর পানিতে ডুবে মারা যায় ১২ হাজার শিশু। মারা যাওয়া শিশুদের ৪০ শতাংশের বয়স ১৫ বছরের নিচে, যার মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুদের নিয়েই ঝুঁকিটা বেশি।

গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নিউ ইয়র্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্লুমবার্গ ফিলানথ্রপিস। প্রতিষ্ঠানটির অর্থায়নে ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের সাতটি উপজেলায় এ বিষয়ে জরিপ করে ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিআরবি)।

সম্মেলনে ব্লুমবার্গ ফিলানথ্রপিসের পরিচালক কেলি লারসন জানান, গত দুই বছরে ৭ উপজেলার ১-৪ বছর বয়সী প্রায় ৭১ হাজার শিশুর ওপর জরিপ চালানো হয়। প্রতি বছর পানিতে ডুবে যে ১২ হাজার শিশু মারা যায়, তার মধ্যে এই বয়সী শিশুদের সংখ্যাই বেশি।

কেলি লারসন বলেন, ১-৫ বছরের শিশুর মৃত্যুর অন্যতম কারণ হলো পারিবারিক অসচেতনতা।