সেলফি তুলতে গিয়ে জলপ্রপাতে তলিয়ে গেলেন পর্যটক

ঘুরতে গিয়ে সেলফি তোলা এখন অনেকটাই আবশ্যকীয় হয়ে গেছে বলা যায়। কিন্তু অসতর্কতাবশত এটি অনেক সময় বিপদের কারণ হয়ে উঠে। উগান্ডায় ঘুরতে গিয়েছিলেন সৌদি আরবের এক নাগরিক। সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে যান তিনি।

বিবিসি জানায়, শনিবার মধ্য উগান্ডার জনপ্রিয় কালাগালা জলপ্রপাতে বন্ধুদের নিয়ে ঘুরতে যান সৌদি নাগরিক আলসুবায়ে মাতকার। সেখানে সেলফি তুলতে গিয়ে পা পিছলে তিনি নদীতে পড়ে যান।

উগান্ডা পুলিশের এক মুখপাত্র হেলেন বুতুতু বলেন, ওই পর্যটক যেখানে দাঁড়িয়েছিলেন সেটি ছিল ভেজা। সেলফি তোলার সময় তিনি কিছুটা পেছনে হেলে পড়েছিলেন। এতে ভারসাম্য রাখতে না পেরে দ্রুত পানিতে পড়ে যান।

পুলিশের মেরিন ইউনিট স্থানীয় জেলেদের সহযোগিতায় বুধবার ১০ কিলোমিটার দূরে নীল নদ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।