ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরে বুধবার বিকেলে আরও সময় চেয়েছেন। এরপর ব্রেক্সিট বা ইইউ থেকে দেশটির বেরিয়ে যাওয়া কার্যকর করতে ৬ মাস সময় দেওয়া হয়।
বিবিসির এর প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের নেতাদের সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রেক্সিট বাস্তবায়নের সময় বাড়ানোর অনুরোধ করেন। এর প্রেক্ষিতে তারা নিজেদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন।
দীর্ঘ আলোচনার পর ৩১ অক্টোবর পর্যন্ত এ সময় বাড়ানো হয়। এ সময়ের মধ্যে কীভাবে ইইউ থেকে বেরিয়ে আসবে সে উপায় নির্ধারণ করবে যুক্তরাজ্য। এর আগে জুনে প্রক্রিয়াটির অগ্রগতি পর্যালোচনা করবে ইইউ।
ব্রেক্সিট কার্যকর করার কথা ছিল ২৯ মার্চ। সেটি কার্যকর করতে না পারায় ১২ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। কিন্তু যুক্তরাজ্য কোন পথে ইইউ থেকে বেরিয়ে আসবে সেটি চূড়ান্ত করতে পারেনি দেশটির পার্লামেন্ট।
এর আগে ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে'র একের পর এক প্রস্তাব বাতিল হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে।
বুধবার ব্রাসেলস সম্মেলনে থেরেসা মে আবেদন করেছিলেন ব্রেক্সিট বাস্তবায়নের সময়সীমা ৩০ জুন পর্যন্ত করার জন্য। কিন্তু ইইউ সে সময়সীমা আরও চার মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করেছে।
এ সময় কড়া ভাষায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্র বলেন, “৩০ জুনের মধ্যেই ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার বিষয়টি কার্যকর করতে হবে।”
তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বিষয়টি নিয়ে নমনীয় ভাব দেখান বলে জানায় বিবিসি।
৪০ বছরের বেশি সময় ইইউ-এর সঙ্গে থাকার পর ২০১৬ সালের ২৩ জুন একটি গণভোট আয়োজন করে যুক্তরাজ্য। ৫২ শতাংশ ভোট পড়ে ইইউ ছাড়ার পক্ষে, আর থাকার পক্ষে ছিল বাকি ৪৮ শতাংশ ভোট।