‘মেসি কখনোই মারাদোনার পর্যায়ে যেতে পারবে না’

লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার হলেও কখনই দিয়েগো মারাদোনার পর্যায়ে যেতে পারবেন না বলে মনে করেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হেক্টর এনরিকে।

মারাদোনার নেতৃত্বে ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন হেক্টর।

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে প্রায় সব শিরোপা একাধিকবার করে জিতেছেন মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে কোনো সাফল্য নেই তার। আর এই কারণেই মেসি তার স্বদেশী মারাদোনা থেকে পিছিয়ে বলে মনে করেন হেক্টর।

“দুর্ভাগ্যজনকভাবে, জাতীয় দলে মেসির সময়টা কঠিন গেছে। তবে আমি আশা করি, আগামী বিশ্বকাপে তার কপাল ভালো হবে, যেমনটা আমাদের ছিল। তবে মেসি কখনই মারাদোনার পর্যায়ে পৌঁছাতে পারবে না।”

“আমি চাই, মেসি খেলে যাক। তবে জাতীয় দলের হয়ে সময়টা ভালো না গেলে না ফেরাটাই উত্তম।”

রাশিয়া বিশ্বকাপে খেলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলে অনুপস্থিত ছিলেন মেসি। সম্প্রতি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে ফের আর্জেন্টিনার হয়ে মাঠে ফেরেন তারকা এই ফরোয়ার্ড। আসছে গ্রীষ্মে ব্রাজিলে অনুষ্ঠেয় কোপা আমেরিকায়ও পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার খেলবেন বলে ধারণা করা হচ্ছে।