মহিলা দলের তোপে অনুষ্ঠানস্থল ত্যাগ মোকাব্বিরের

সিলেটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি সংগঠন মহিলা দলের তোপের মুখে পড়েছিলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে নির্বাচিত এমপি, গণফোরাম নেতা মোকাব্বির খান।

মহিলা দলের নেত্রীরা তার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠলে তিনি তড়িঘড়ি করে বক্তৃতা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। ঘটনাটি সিলেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, এনজিও সংস্থা আইডিয়া সিলেটে আওয়ামী লীগ ও বিএনপি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময়’ নামে একটি সভা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করে।

অনুষ্ঠান শুরুর একপর্যায়ে সেখানে হাজির হন মোকাব্বির খান এমপি। তাকে দেখেই ক্ষুব্ধ হন বিএনপি নেতারা। তারা আয়োজকদের কাছে দাবি জানান মোকাব্বির খানকে অনুষ্ঠানে না রাখতে। এ সময় বিএনপি নেতারা হলের বাইরে চলে আসেন। মহিলা দলের কয়েকজন নেত্রী এ সময় আক্রমণাত্মক হয়ে উঠলে বিএনপি নেতারা তাদের শান্ত করেন। অল্পক্ষণের মধ্যেই মোকাব্বির খান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে হল ত্যাগ করেন। 

তবে মোকাব্বির খান তোপের মুখে পড়ার কথা অস্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, ‘আমন্ত্রিত অতিথি হিসাবে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং যথারীতি বক্তব্য দিয়ে বেরিয়েছি। কাউকে কোনো টু শব্দ করতে দেখিনি। যারা এসব বলছে, তারা অপপ্রচার করছে।’

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘মোকাব্বির সাহেব এই অনুষ্ঠানে যোগ দেবেন এটা আমাদের জানা ছিল না। উনাকে দেখে আমরা এ ব্যাপারে আয়োজকদের কাছে কারণ জানতে চাই এবং দ্রুত উনাকে হল থেকে বের করে দিতে বলি। পাশাপাশি আমরা হলের বাইরে চলে আসি। তখন হলের বাইরে মহিলা দলের নেত্রীরা মারমুখী হয়ে উঠলে আমি এবং মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন তাদের শান্ত থাকতে বলি। কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা মোকাব্বির খানকে বিদায় জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

এ ব্যাপারে অনুষ্ঠানের আয়োজক সংস্থা আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক বলেন, ‘আমরা এই অনুষ্ঠানে সিলেট জেলার সব এমপিকে দাওয়াত করেছিলাম। তাদের মধ্যে কেবল মোকাব্বির খান উপস্থিত হয়েছিলেন। উনি আসায় বিএনপি নেতারা ক্ষুব্ধ হয়ে হলের বাইরে চলে যান। এরপর আমাদের অনুরোধে মোকাব্বির খান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে গেলে বিএনপি নেতারা আবার ফিরে আসেন।’

অনুষ্ঠানে উপস্থিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ জানান, মোকাব্বির খান আসায় বিএনপি নেতারা অনুষ্ঠান বয়কট করে বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে মোকাব্বির খান চলে গেলে তারা আবার ফিরে আসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজিসহ উভয় দলের আরো বেশ কয়েকজন নেতাকর্মী।