ব্যাটিংয়ে পথ হারা দলকে আলো দেখালেন। পরে বল হাতে অবদান রাখলেন দলের জয়ে। জাতীয় দলের অফ স্পিনার নাঈম হাসানের অল রাউন্ড নৈপুণ্যে প্রিমিয়ার লিগে গাজী গ্রুপকে হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বৃহস্পতিবার গাজী গ্রুপকে ৩৪ রানে হারায় প্রাইম ব্যাংক। সাভারের বিকেএসপিতে ৯ উইকেটে ২০১ রানের পুঁজি গড়ে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে ৪৫.২ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এদিনের জয়ে সেরা তিনে থেকে সুপার লিগ শুরু করবে প্রাইম ব্যাংক। আর গাজীকে বিদায় নিতে হয়েছে প্রথম পর্ব থেকে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে এদিন বিপদে পড়ে প্রাইম ব্যাংক। ৪৯ রানে হারায় ৪ উইকেট। পরে জাতীয় দলের দুই তারকা নাঈম হাসান ও আরিফুল হকের ব্যাটে লড়াইয়ে ফেরে প্রাইম। যদিও বড় পুঁজি গড়া হয়নি তাদের।
নাঈম ৫৮ বলে ৪ চারে ৩৪ রান করেন। আরিফুলও সমান ৩৪ রান করেন ৩৮ বলে। তার ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কা। এ ছাড়া অপরাজিত ২৫ রান করেন মনির হোসেন। গাজী গ্রুপের পক্ষে সঞ্জিত সাহা সর্বাধিক ৩ উইকেট নেন।
জবাবে মাইশুকুর রহমানের দারুণ লড়াইয়ের পরও অন্যদের ব্যর্থতায় হারতে হয়েছে গাজীকে। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১২৪ বলে ৭৪ রান করেন মাইশুকুর। ৭টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছক্কা।
প্রাইম ব্যাংকের পক্ষে নাঈম ও অলক কাপালি নেন ২টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নাঈম।