জনগণের প্রভু নয়, তাদের সেবক হয়ে কাজ করতে হবে। দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে ৩৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে নব নিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তা এএসপি হালিমুল আলম ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ।
জাবেদ পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধু ১৯৭৫ সালে রাজারবাগে প্রথম পুলিশ সপ্তাহের ভাষণে বলেছিলেন, ‘তোমরা জনগণের পুলিশ’। বঙ্গবন্ধুর ভাষণকে উদ্ধৃত করে চলতে হবে। সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে প্রশংসনীয় অবদান রাখতে সক্ষম হয়েছে পুলিশ। জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বে ‘রোল মডেল’। আমরা এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।
পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সোনার বাংলা’ গড়তে চেয়েছিলেন। তারই সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে হবে।
তিনি বলেন, পুলিশের একটি গৌরবোজ্জ্বল সমৃদ্ধ অতীত রয়েছে। বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা করেন। মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার পুলিশকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। নবীন কর্মকর্তাদের পুলিশ বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা রক্ষায় পেশাদারির সাথে দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৯৪ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেছেন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ এবং ১৪ জন নারী।