ঢাকায় পহেলা বৈশাখের দিন হাঁটা পথ ও যান চলাচলের নির্দেশনা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে  ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পায়ে হেঁটে ও যান চলাচলের বিশেণ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে,  রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী বর্ষবরনের নানা অনুষ্ঠান চলবে।

এসব জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  অসংখ্য মানুষের সমাগম হবে। এজন্য ওইসব এলাকায় প্রবেশ ও বাহির হওয়ার জন্য ট্রাফিক দক্ষিন বিভাগের পক্ষ থেকে নির্ধারিত গেট ব্যবহার করতে বলা হয়েছে।

রমনা পার্কে প্রবেশ গেটগুলো হচ্ছে- রমনা রেস্তোঁরা গেট, অস্তাচল গেট (শিশু পার্কের বিপরীতে) ও অরুনোদয় গেট (সুগন্ধার বিপরীতে) । রমনা পার্ক থেকে বাহির হওয়ার জন্য উত্তরায়ন গেট (মিন্টো রোডের পশ্চিম প্রান্ত) ও  বৈশাখী গেট (আইইবি এর বিপরীতে) ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া প্রবেশ ও বের হওয়া যাবে শ্যামলীমা গেট (কাকরাইল মসজিদের দক্ষিণে), স্টার গেট (মৎস্য্য ভবন ক্রসিং) ও  নতুন গেট (বৈশাখী অস্তাচল গেটের মাঝামাঝি)।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ গেটসমূহ হচ্ছে-শিখা চিরন্তন গেট, বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট ও  তিন নেতার মাজার সংলগ্ন গেট। এছাড়া বাহির হতে হবে রমনা কালী মন্দির গেট ও আইইবি গেট দিয়ে।

পহেলা বৈশাখের নিরাপত্তার জন্য  টিএসসির বিপরীত পাশের গেট ও  ছবিরহাট গেট বন্ধ থাকবে। নববর্ষের দিন বিকাল ৫ টার পর সকল গেট দিয়েই প্রবেশ ও বাহির হওয়া যাবে।

যান চলাচলের বিকল্প রুট: বাংলা মটর- রুপসী বাংলা-টিএসসি-দোয়েল চত্বর রুট বন্ধ থাকবে। এই রুটে চলাচলকারীদের মিরপুর রোড- সায়েন্স ল্যাবরেটরি-নিউমাকেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান রুট ব্যাবহার করতে বলা হয়েছে।

এছাড়া ইন্টারকন্টিনেন্টাল- কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা রোডে চলাচালকারী যানবাহনকে রাসেল স্কোয়ার- সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি- ইউবিএল ও গুলিস্তান রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

পলাশী –শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং রোডে যান চলাচল বন্ধ থাকবে। এই রুটের যানবাহনকে ফার্মগেট-সোনারগাঁও-বাংলা মোটর-মগবাজার-মৌচাক- মালিবাগ-খিলগাঁও রুট ব্যবহার করতে হবে।

এছাড়া বকশীবাজার-শহীদ মিনার ও টিএসসি রুট, শহিদুল্লাহ হল ক্রসিং থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত সকল রাস্তা বন্ধ থাকবে।