খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩১ জুলাই

বাসে পেট্রল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের করা সময়ের আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলী নতুন এ দিন ধার্য করেন।

মামলায় অভিযোগ করা হয় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় ৩১ জন দগ্ধ হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামে একজন মারা যান। ঘটনার পরদিন পরিকল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ নেতাসহ যাত্রাবাড়ীর ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করেন যাত্রাবাড়ী থানার এসআই কেএম নুরুজ্জামান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম এজাহারে আসামির তালিকায় উল্লেখ করা না থাকলেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল।

মামলাটি তদন্ত করে ওই বছরের ১৮ মে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, সালাউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু।