পটুয়াখালীর গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বাতিলসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের অভিভাবকসহ শিক্ষানুরাগী ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন অভিভাবক আলমগীর হোসেন, বেল্লাল হাওলাদার, মোশারেফ হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ছোট ভাইকে নিজে করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি। এক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়মকানুন। বিদ্যালয় সংশিষ্ট সব আর্থিক লেনদেনে দেওয়া হয় না পাকা রসিদ। অনিয়ম, দুর্নীতির মাধ্যমে করছেন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ। ক্ষমতার দাপটে সহকর্মীসহ শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে করছেন ধারাবাহিক অসদাচারণ। গত ২ জানুয়ারি ২০১৭ তারিখে মিজানুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর ক্ষমতার দাপটে একের পর এক দুর্নীতি করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান তার নৈতিকতা হারিয়েছেন। এসব অভিযোগ তদন্ত করে দোষী ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ অবিলম্বে নতুন প্রধান শিক্ষক নিয়োগ প্রদান এবং ম্যানেজিং কমিটি বাতিলের দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল তাকে হেয় করার জন্য এসব করছে।