ছাত্রীদের যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় সপ্তাহে গড়াচ্ছে। গতকাল বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। এখনো দাবি পূরণ না হওয়ায় আগামী সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে ফের আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন ও চোখে কালো কাপড় বেঁধে অভিযুক্ত শিক্ষকের বিচার এবং স্থায়ীভাবে অপসারণের দাবি জানান তারা। এদিনও ছাত্রীদের গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
আন্দোলনরতরা জানায়, সিএসই বিভাগের দুই ছাত্রীকে যৌন হয়রানিতে অভিযুক্ত বিভাগের সহকারী অধ্যপক মো. আক্কাস আলীর বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো না পদক্ষেপ নেওয়ায় আগামী সপ্তাহেও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। সম্প্রতি কয়েক মাস আগে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার অভিযোগপত্র ও অডিও রেকর্ড ভাইরাল হলে গত রবিবার থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ আক্কাস আলীকে সিএসইর বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি ও ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করে।