ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যবিপ্রবি কর্মচারী বরখাস্ত

এক ছাত্রীকে উত্ত্যক্ত ও হয়রানির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মচারী রাকিব রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানাতে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার প্রকৃত সত্যতা যাচাইয়ে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই অফিস আদেশে আরও বলা হয়েছে, সাময়িকভাবে বরখাস্ত থাকার সময় রাকিব রহমান যদি অভিযোগ দায়েরকারী ছাত্রীকে কোনোভাবে হয়রানি বা উত্ত্যক্ত করেন, তাহলে তাৎক্ষণিক তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।