আবার মেজাজ হারালেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি

গত শনিবার পাঞ্জাব একাদশের বিপক্ষে সতীর্থ বোলার দীপক চাহারের উপর মেজাজ হারিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে চটলেন আম্পায়ারের বিপক্ষে।

এবার ধোনি চটলেন আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে। নো-বল ইস্যুতে আরও একবার উত্তাল আইপিএল। রাজস্থানের বিরুদ্ধে ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারে ধোনিদের দরকার ছিল ১৮ রান। শেষ তিন বলে সেই অঙ্ক দাঁড়ায় প্রয়োজন আট রান। ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে এরপর কোমড়ের উপর ফুলটস করে বসেন বেন স্টোকস। ক্রিজে ছিলেন স্যান্টনার। নিয়ম অনুয়ায়ী বোলিং এন্ডের আম্পায়ার নো বল কল করেন।

এরপরই নাটক চরমে। সাইড লাইনের আম্পায়ার নো কল না করায় সিদ্ধান্ত বদল করে বলটি কাউন্ট করা হয়। এতেই ক্ষোভে ফেটে পরেন ধোনি। নো-বল ইস্যুতে দুই আম্পায়ারকে আলোচনা করতে দেখে ডাগআউট থেকে সটাং মাঠে ঢুকে বাইশ গজে পৌঁছে আম্পায়ারদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে যান চেন্নাই অধিনায়ক। কোমড়ের উপরের ফুলটসের উদাহরণ টেনে আম্পায়ারদের বোঝালেও বলটিকে নো বল কল করা থেকে বিরত থাকেন দুই আম্পায়ার। মাথা নাড়তে নাড়তে রাগে মাঠ ছাড়েন মাহি। যদিও টিভি রিপ্লেতে স্টোকসের ঐ ডেলিভারিটি কোমড়ের উপর ফুলটস ছিল বলেই দেখা গিয়েছে।

শেষ পর্যন্ত শেষ বলে ছয় হাঁকিয়ে স্যান্টনার চেন্নাইকে জয়ের গণ্ডি পার করানোয় বড় বিতর্ক তৈরি হয়নি। যদিও আউট হওয়ার পর, ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে বাগবিতণ্ডা জুড়ে দেওয়ায় শাস্তির কোপে পড়তেই হচ্ছে ধোনিকে। আইপিএলের নিয়ম ভাঙায় রাজস্থান ম্যাচে ধোনির ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে।

এর আগে চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর ম্যাচের শেষ বলে, মালিঙ্গার নো-বল আম্পায়ারের চোখ এড়িয়ে গিয়েছিল। ফ্রি-হিট পাওয়া তো দূর, ৬ রানে ম্যাচ হেরেছিল কোহলির ব্যাঙ্গালোর। ভুল আম্পায়িং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কোহলি।