নোয়াখালীতে গৃহবধূকে ‘দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ২

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নে দুই সন্তানের জননী এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে বৃহস্পতিবার বিকেলে আমিনুল ইসলাম মন্টু ও নিজাম উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ি থানা পুলিশ। সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে একটি পুকুর পাড় থেকে পুলিশ ওই গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে সোনাইমুড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় এজাহারভুক্ত আমিনুল ইসলাম ও নিজাম উদ্দিন নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা বলেন, “বুধবার রাতে নানার বাড়িতে যাওয়ার পথে আমার মেয়েকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এমরান নামে একজন সকালে তাকে অচেতন অবস্থায় দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সে স্বামী পরিত্যক্তা গৃহবধূ।”