প্রাক্তন স্বামীর স্ত্রীকে ফেসবুকে ‘ঘোড়া’ বলে কটাক্ষ করায় অভিযুক্ত ব্রিটিশ নারীকে মুক্তি দিয়েছে আরব আমিরাত।
বিবিসি জানায়, এক মাস আগে লন্ডনের বাসিন্দা লালেহ শাহরাভেশকে (৫৫) দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার করে পুলিশ। তিনি প্রাক্তন স্বামীর শেষকৃত্যে অংশ গ্রহণ করতে সেখানে আসেন।
ফেসবুকে প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
ফারসি ভাষার ওই মন্তব্যে তিনি বলেন, ‘তুমি শেষ হয়ে যাও এবং মাটিতে মিশে যাও, আমি এটাই আশা করি। ওই ঘোড়ার জন্য তুমি আমাকে ছেড়েছ।’ এতে তিনি প্রাক্তন স্বামীর প্রতি গালিগালাজও করেন।
জানা যায়, পর্তুগিজ স্বামী পেদ্রোর সঙ্গে শাহরাভেশের ১৮ বছরের দাম্পত্য জীবন ছিল। ডিভোর্সের পর তিনি আট মাস আরব আমিরাতে থাকেন, পরবর্তীতে মেয়েকে নিয়ে তিনি যুক্তরাজ্যে চলে যান। আর তার স্বামী আমিরাতেই থেকে যান।
২০১৬ সালে তার প্রাক্তন স্বামী আবার বিয়ে করেন। পরবর্তীতে সেই বিয়ের ছবি দেখেন ফেসবুকে। তাতে ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন স্বামীর স্ত্রীকে ‘ঘোড়া’ বলে এ কটাক্ষ করেন।
আরব আমিরাতের সাইবার অপরাধ আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর মন্তব্য দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে জেল এবং জরিমানা দুই ধরনের শাস্তির বিধান রয়েছে।
তবে এ ঘটনায় শাহরাভেশকে ৬২৫ ডলার জরিমানা আরোপ করে আদালত। সকল ধরনের প্রক্রিয়া শেষে পরের সপ্তাহে তিনি লন্ডনে নিজের বাড়িতে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছে তার পক্ষে আদালতে লড়া একটি অধিকার সংগঠন।