ভারতে লোকসভার প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যটির ভোটের গড় ৮০.৯ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে পার্শ্ববর্তী বিহার রাজ্য, যেখানে ভোটের হার ৫০.০৩ শতাংশ।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ত্রিপুরা থেকে শুরু করে নাগাল্যান্ড, মণিপুর এবং সিকিমে ভোট একইভাবে কমবেশি ভোট পড়েছে। অরুণাচল প্রদেশে ভোট পড়েছে ৭৯.১ শতাংশ। মেঘালয় এবং মিজোরামে ভোট পড়েছে ৬০ শতাংশ। এদিন দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ভোটের হার ছিল ৫৯.৮ শতাংশ।
সিকিমে ২০১৪ সালে ভোট পড়েছিল ৮৩. ৬ শতাংশ। এবার ভোটের পরিমাণ ৬৯ শতাংশের মতো। অরুণাচল প্রদেশে ২০১৪ সালে ভোট পড়েছিল ৬৭.৪ শতাংশ। এবার ভোট পড়েছে ৫৭ শতাংশ।
একইদিনে অন্ধ্রপ্রদেশে ১৭৫ টি বিধানসভা আসন এবং ২৫টি লোকসভা আসনে ভোট নেওয়া হয়। সেখানে গড়ে ভোট পড়েছে ৭৮.৮ শতাংশ।
এদিকে প্রথম দফার ভোটের পরেই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো।
বাম থেকে শুরু কংগ্রেস এবং বিজেপি সকলেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। নতুন করে ভোট নেওয়ার দাবিও তুলেছে তারা। বামেদের অভিযোগ তাদের প্রার্থী গোবিন্দ রায়ের ওপর হামলা করা হয়েছে।
অন্যদিকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ করেন, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দশ শতাংশ বুথে বিরোধীদের বসতে দেওয়া হয়নি।
কোন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে আর কোথায় থাকবে না তা ঠিক করার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। রাজ্য সরকারকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ বুথ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
১৯ মে পর্যন্ত ৩৮ দিন ধরে সাত দফায় এ ভোট গ্রহণ চলবে। নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ২৩ মে।
দেশটির ২০টি রাজ্য ও অঞ্চলে ৯১টি সংসদীয় আসনে প্রায় ৯০ কোটি ভোটার এবার ভোট দিতে যাচ্ছেন। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি তবে ২০১৪ সালে নতুন ভোটার সংখ্যা ছিল ২৭ কোটিরও বেশি। ১৮- ১৯ বছর বয়স এমন ভোটার সংখ্যা দেড় কোটির কাছাকাছি।
এবার সারা দেশে প্রায় ১০ লাখেরও বেশি গণনা কেন্দ্রে ভোট নেওয়া হবে। মোট ১১ লাখ ইভিএমে নিজেদের মত জানাবেন ভোটাররা। এর মধ্য দিয়ে গোটা বিশ্বে রেকর্ড করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি।