আগুনে মানুষ হত্যার ঘটনায় কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী

আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এক বৈঠকে  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে তিনি এ কথা বলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আগুন দিয়ে মানুষ হত্যা করা ঘৃণিত অপরাধ। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা এভাবে মানুষ হত্যা করেছিল। এরপর ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে বিএনপি-জামাত আগুন দিয়ে মানুষ হত্যা করেছিল। এখন ফেনীর ওই ছাত্রীকে গায়ে আগুন দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের কেউ রেহাই পাবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে, নির্দেশ দিয়েছে এবং সহায়তা করেছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আগুন দিয়ে মানুষ হত্যা বরদাশত করা হবে না।’

এ সময় প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।