ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাচ্ছেন রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান। শুক্রবার রাশিয়া ঘোষণা করেছে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু’ দেওয়া হবে নরেন্দ্র মোদিকে।
জানা যায়, দুই দেশের সম্পর্কের উন্নতিতে গত পাঁচ বছরে বিশেষ ভূমিকা পালন করেছেন নরেন্দ্র মোদী। এ কারণেই তাকে এই সম্মান দেওয়া হচ্ছে।
১৬৬৮ সাল থেকে ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু’ পুরস্কার চালু করে রাশিয়া। সোভিয়েত শাসনের সময় এই সম্মান দেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়। ১৯৯৮ সালে তা আবার চালু করা হয়। মোদী ১৭তম ব্যক্তি যিনি এই সম্মান পাচ্ছেন।
এ পর্যন্ত মিখাইল কালাশনিকভ, মিখাইল গর্ভাচেভ, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ একাধিক ব্যক্তি এই সম্মান পেয়েছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর এ পর্যন্ত বেশ কিছু পুরস্কার পেয়েছেন মোদী। ২০১৬ সালের ৩ এপ্রিল সৌদি আরবের রাজা তাকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেন। একই বছরের ৪ জুন আফগানিস্তানও মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেয়। ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি প্যালেস্টাইনও মোদীকে বিশেষ সম্মান দেয়। ২০১৮’র ২৬ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের ‘চ্যাম্পিয়ন অফ আর্থ অ্যাওয়ার্ড’ও পান তিনি। একই বছরের ২৪ অক্টোবর তিনি ‘সিওল শান্তি পুরস্কার’ লাভ করেন। এদিকে চলতি বছরের ১৪ জানুয়ারি ফিলিপ-কোটলার পুরস্কার পান মোদী।এ মাসে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর পক্ষ থেকেও পুরস্কার লাভ করেন।