জনসংখ্যার মানচিত্র বানাচ্ছে ফেইসবুক

‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গোটা পৃথিবীর জনসংখ্যার মানচিত্র তৈরি করছে ফেইসবুক। দিন কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন এই প্রজেক্ট সম্পর্কে জানা যায়।

ফেইসবুক জানিয়েছে, উপগ্রহ চিত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শুরুতে পুরো আফ্রিকা মহাদেশের জনসংখ্যার ম্যাপ করা হবে। তার কয়েক মাস পর গোটা পৃথিবীর জন্য এটি করা হবে।

ফেইসবুকের এমন সিদ্ধান্তের পর প্রযুক্তিবিদেরা নড়েচড়ে বসেছেন। কী উদ্দেশ্যে তারা এমনটি করছে, সেটি জানার চেষ্টা চলছে। ফেইসবুক অবশ্য কিছু লুকাচ্ছে না। প্রতিষ্ঠানটি বলছে, ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে এই ম্যাপ তৈরি করা হবে না। আর তৈরির পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ফেইসবুকের এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার জেমস গিল ‘চেদার’ নামক একটি গণমাধ্যমকে বলেন, ‘এই ম্যাপটি মানবিক সংস্থাগুলোর কাজে আসবে। ত্রাণ বিতরণ কিংবা স্বাস্থ্য বিষয়ক সাহায্যের সময় তারা বুঝতে পারবেন, কোন অঞ্চলের মানুষ কীভাবে কোথায় বসবাস করছেন। এতে প্রত্যেকটি ঘরে তারা সহজে পৌঁছাতে পারবেন।’

ফেইসবুক কাজটি যে শুধু মানবিক পৃথিবী গড়তে করছে, ব্যাপারটি কিন্তু তেমন নয়। এখানে তাদের নিজেদেরও স্বার্থ রয়েছে। সেটা বোঝা গেছে প্রতিষ্ঠানটির এক ব্লগ পোস্ট দেখে।

‘নির্দিষ্ট একটি পদ্ধতিতে ডেটা মুক্ত করার পর ফেইসবুকের গবেষকরা বিভিন্ন অ্যাপ্লিকেশন্সের কাজের ধরন সম্পর্কে ভালো বুঝতে পারবেন। পাশাপাশি রিসার্চের জন্য তাদের সঠিক পথ দেখাবে এই ম্যাপ।’

এই ধরনের ম্যাপ ফেইসবুক আগেও তৈরি করেছে। তবে সেটা পুরো পৃথিবীর জনসংখ্যার নয়। ২০১৬ সালে ২২টি দেশের জন্য করা হয়েছিল।

এ ধরনের ম্যাপের উপকারিতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে ফেইসবুক বলছে, ‘পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেডক্রস রুবেলার বিরুদ্ধে প্রচারণা চালায়। তখন ফেইসবুক ম্যাপ ব্যবহার করে দেখা যায় ওই এলাকার ৯৭ শতাংশ ভূমি বসতিহীন। এভাবে তথ্য বিশ্লেষণ করে রেডক্রসের স্থানীয় তিন হাজার দক্ষ কর্মী শত শত মানুষকে দ্রুততম সময়ে সাহায্য করতে পারেন।’