সেমিফাইনালের পথে এগিয়ে আর্সেনাল

ইউরোপা লিগে সুসময় চলছে আর্সেনালের। শিরোপা জয়ের স্বপ্ন ধরে রেখে ভালোভাবেই এগিয়ে চলছে তারা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গানাররা ইতালি জায়ান্ট নাপোলির বিপক্ষে জিতেছে। ঘরের মাঠে ২-০ গোলে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে আছে তারা। ফিরতি লেগে দুই গোলের সুবিধা নিয়ে নামবে আর্সেনাল। এদিকে অন্য ইংলিশ জায়ান্ট চেলসিও এগিয়ে চলেছে সমানতালে। সøাভিয়া প্রাগের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের অ্যাওয়ে ম্যাচ জিতেছে তারা। প্রাগের মাঠ থেকে প্রথম লেগে মূল্যবান গোল নিয়ে ফিরেছে ব্লুজরা। এতে নিজেদের মাঠে ফিরতি লেগে সেমিফাইনালের পথে ভালোভাবেই এগিয়ে থাকবে চেলসি। এছাড়া বেনফিকা হুয়াও ফেলিক্সের হ্যাটট্রিকে ৪-২ গোলে প্রথম লেগে হারিয়েছে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

রাতের সবচেয়ে উত্তেজনার ম্যাচ ছিল ‘অল স্প্যানিশ’ কোয়ার্টার ফাইনাল। দুই স্প্যানিশ দল ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়ার ম্যাচটি শেষ মুহূর্তে নাটকীয়তায় শেষ হয়। ম্যাচে ১-১ ব্যবধান নিয়ে লড়ছিল দুই দল। শেষদিকে ভাগ্য সুপ্রসন্ন হয় ভ্যালেন্সিয়ার। ৯০ ও ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুটি গোল করে ভিয়ারিয়ালকে কাঁদায় ভ্যালেন্সিয়া। এতে প্রথম লেগে ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনাল স্বপ্ন দেখছে তারা।

ঘরের মাঠে অ্যারন রামসির ১৪ মিনিটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পরে ২৫ মিনিটে নাপোলির কোলিবালি আত্মঘাতী গোল করে আরও সুবিধা দেন স্বাগতিকদের। ম্যাচের বাকি সময়ে গোল করতে পারেনি দুই দলের কেউ। দুই গোলে এগিয়ে থাকলেও কঠিন সতর্কতা জারি করেছেন আর্সেনাল কোচ উনাই এমেরি। নাপোলির মাঠে ফিরতি লেগ সহজ হবে না সেটা জানিয়ে দিয়েছেন শিষ্যদের। এমেরির ধারণা, দুই গোলে এগিয়ে থেকেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে। ম্যাচ শেষে এমেরি জানান, ‘প্রথম লেগ সবসময়ই গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ জয় পাওয়া। আমরা ভালো খেলেছি। যোগ্য দল হিসেবেই জিতেছি। কিন্তু এটা সবাই জানি যে ফিরতি লেগ খুবই কঠিন হবে। নাপোলি নিজের মাঠে খুবই শক্ত দল। আমাদের সেমিফাইনাল এখনো ৫০-৫০।’

আর্সেনালের মতো শুরুতেই জয়ের পথ দেখেনি চেলসি। জয়সূচক গোলটির জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৮৬ মিনিট পর্যন্ত। ডিফেন্ডার মার্কোস আলোনসোর হেড থেকে আসা গোলটিই ব্লুজদের এগিয়ে রাখল। আলোনসোর পাশাপাশি গোলকিপার কেপা আরিজাবালাগার অবদানও আছে এ জয়ে। প্রাগের দুটি নিশ্চিত গোল ফিরিয়ে দিয়েছেন এই স্প্যানিশ গোলকিপার। এতে সøাভিয়া প্রাগের মাঠে বেদনার স্মৃতি ভুলিয়ে দেওয়া জয় পেয়েছে চেলসি। ২০১৩ সালে এ মাঠে উয়েফা সুপার কাপে বায়ার্ন মিউনিখের কাছে পেনাল্টিতে হেরে শিরোপা হারিয়েছিল ইংলিশ জায়ান্টরা।