ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রাত সোয়া দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুত করা ব্যানার-ফেস্টুন, বিজ্ঞাপন সামগ্রী, ফ্রিজ, স্টলে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীরা এ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও শোভনের সমর্থকদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে উত্তেজনা চলছে কিছুদিন ধরে। শোভনকে ছাড়া বেশ কয়েকজন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা বৈঠক করছে। বিভিন্ন অনুষ্ঠান তাকে ছাড়া করা হচ্ছে। এ নিয়ে সভাপতি গ্রুপের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে জানতে শোভনকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
তবে ঢাবির সংঘর্ষের কিছু সময় পর ঢাকা কলেজে শোভন-রব্বানীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় একঘণ্টা সংঘর্ষের হয়। এরপর নিজেদের মধ্যে সমঝোতা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, “আমি ঘটনা শুনেছি। এ ধরনের বিষয় কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।”