স্বামী টানা এক সপ্তাহ ধরে গোসল করেনি এবং দাড়ি কামায়নি, এই অভিযোগে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন এক নারী। ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানায়, ২৩ বছরের ওই তরুণীর অভিযোগ, টানা ৭-৮ দিন গোসল না করে, দাড়ি না কামিয়ে থাকেন তার স্বামী। তাই তার পক্ষে ‘এমন পুরুষের সঙ্গে থাকা সম্ভব নয়’।
যখনই তিনি স্বামীকে গোসল করতে বলতেন, গোসলের বদলে গায়ে সুগন্ধী লাগিয়ে নিতেন স্বামী।
তরুণীর আইনজীবী শাহিল অবস্তী জানান, “ভোপালের পরিবার আদালতের বিচারপতি আর এন চাঁদ ওই দম্পতিকে ৬ মাস আলাদা থাকার নির্দেশ দিয়েছেন।”
ওই ২৩ বছর বয়সী নারী এবং তার ২৫ বছর বয়সী স্বামী একইসঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন বলে তিনি জানান।
গত বছরে বিয়ে হওয়া এই দম্পতিকে টানা ৬ মাস আলাদা থাকার নির্দেশ দিয়েছে ভোপাল হাইকোর্ট। তারপরই তাদের বিবাহবিচ্ছেদের আবেদন বিবেচনা করা হবে বলে জানান এক আইনজীবী।
প্রসঙ্গত, ২০১৬ সালে এমনই একটি ঘটনার কথা প্রকাশ্যে আসে উত্তরপ্রদেশের মীরাট থেকে। দাড়ি না কামালে এক ব্যক্তিকে আত্মহত্যার হুমকি দিয়েছিল তার স্ত্রী।