কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে ঘোষণা দেন, নির্বাচন করবেন না। শুধু প্রচারণাতেই থাকবেন। কিন্তু প্রথম ধাপের নির্বাচন শুরু হতেই শোনা যাচ্ছে অন্য খবর। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন।
প্রিয়াঙ্কার সম্ভাব্য আসন হিসেবে উঠে আসছিল রায়বরেলির কথা। এখানকার সাংসদ তার মা সোনিয়া গান্ধী। অনেক দিন ধরে তার আবার শরীর ভালো যাচ্ছে না। কিন্তু প্রিয়াঙ্কা নাকি রায়বরেলি নন; সরাসরি মোদির বারাণসীতে দাঁড়াতে চান। মোদি ২০১৪ সালে এই আসন থেকে বিপুল ভোটে জয় পান।
ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রিয়াঙ্কা বারাণসী থেকে প্রার্থী হলে, তার বিরুদ্ধে হয়তো প্রার্থী দেবে না মায়াবতী-অখিলেশ জোট। সে ক্ষেত্রে ভোট ব্যাংকে ফায়দা হবে কংগ্রেস নেত্রীর।
১৯ মে ভোট হবে বারাণসীতে। তার আগে চলছে প্রার্থী নির্বাচনের কাজ। জিনিউজ বলছে, শেষ মুহূর্তে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করে চমক দিতে পারে কংগ্রেস।
প্রিয়াঙ্কা এই বছরের আগে কখনো সেভাবে রাজনীতিতে নামেননি। চেহারার কারণে তার মাঝে অনেকেই সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মিল খুঁজে পান। তাই তাকে নিয়ে সাধারণ মানুষের ভেতর বিশেষ একটা আগ্রহ আছে।