কামারখন্দে গরুবাহী পিকআপভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কয়েলগাঁতীঢাল এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ের উপর ঢাকা-ঈশ্বরদী রেলপথে শনিবার দুপুর পৌনে দুইটার দিকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গরুবাহী পিকআপভ্যান উল্টে চালকসহ ৩ জন নিহত ও ২জন আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় ঘটনাস্থলে দুটি গরুও মারা গেছে।

নিহতরা হলো-কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে ভটভটি চালক সূর্য শেখ (৪০), পাকুরিয়া গ্রামের বিশা মণ্ডলের ছেলে ও গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৮) ও আব্দুল হামিদের ছেলে নেহার আলী (৩৭)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুল হামিদ জানান, কামারখন্দ থেকে গরু নিয়ে উল্লাপাড়া হাটে যাবার পথে পিকআপভ্যান কয়েলগাতীঢাল এলাকায় রেল ক্রসিংয়ের উপর গিয়ে বন্ধ হয়ে যায়। এ সময় ভারত থেকে ঢাকাগামী মৈত্র এক্সপ্রেস ট্রেনটি দ্রুতবেগে ছুটে এসে পিকাপভ্যানটিকে সজোরে ধাক্কা চলে যায়। এতে পিকাপভ্যানটি রেললাইনের পাশে ছিটকে পড়ে চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং কামারখন্দ হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যায়।

কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সমনুল হক জানান, হাসপাতালে আনার আগেই একজন এবং হাসপাতালে আনার পর দুজন মারা গেছে। অন্য দুইজনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের লোকজন তাৎক্ষণিক ভাবে নিয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে অনুদান দেওয়া হয়েছে।