ডিসি অফিস, এসপি অফিস পরিচ্ছন্ন থাকে। কিন্তু হাসপাতাল কেন অপরিচ্ছন্ন থাকবে? প্রশ্ন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। তিনি বলেন, সরকার তো চিকিৎসা খাতে সর্বোচ্চ ব্যয় করছে। ডাক্তারদের থাকার জন্য কোয়ার্টার দিয়েছে। উচ্চ হারে বেতন-ভাতা দিচ্ছে। এরপরও চিকিৎসায় এত অবহেলা কেন? তিনি বলেন, যারা এত সুযোগ সুবিধা পেয়েও অবহেলা করেন, তারা চাইলে চাকরি ছেড়ে চলে যেতে পারেন। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথিন্দ্র চন্দ্র দেব ও মুক্তিযোদ্ধা হায়দার আলী। প্রতিমন্ত্রী মাহবুব আলী ডাক্তারদের উদ্দেশে আরও বলেন, সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে, সরকারের নাম ব্যবহার করে কনসালটেন্ট, প্রফেসর পদ-পদবি নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করবেন তা মেনে নেওয়া হবে না। তিনি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেন।