বিবাহ বার্ষিকীর আগের দিন ব্যাংক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

রাজধানীর রামপুরা থেকে সানজিদা ইয়াসমিন সূচি (৪০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে রামপুরার বনশ্রী ব্লক সি ২ নাম্বার রোডে ২০ নাম্বার বাড়ীর ৫তলার একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ভাড়া বাসায় সুচি তার স্বামী ইস্টার্ন ব্যাংক লিমিটেড সাভার শাখার কর্মকর্তা রায়হান মোস্তফা ও তিন সন্তান নিয়ে থাকতেন।

স্বজনরা জানিয়েছেন, রাজশাহীর সাহেব বাজার গ্রামের মৃত শাহআলম তালুকদার সন্তান সুচির সঙ্গে ১৪ বছর আগে পহেলা বৈশাখে রায়হান মোস্তফার বিয়ে হয় পারিবারিকভাবে।

সুচির ভাগিনা মনজুর মোর্শেদ সজীব জানান, গত এক বছর ধরে এক নারীর সাথে রায়হানের পরকীয়া সম্পর্ক চলে আসছে। এ নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা হয়েছে। তবে রায়হান তার সাথে সম্পর্ক বজায় রাখে।

সজীব জানান, দুপুরের দিকে ওই বাসা থেকে সূচির খালাশাশুড়ি ফোন দিয়ে বলেন, সূচি রুমে ঢুকেছে। আর বের হচ্ছে না। প্রায় দুই ঘন্টা হয়ে গেছে। খবর পেয়ে তারা দ্রুত ছুটে যান। বিকল্প চাবি দিয়ে রুম খুলে দেখতে পান ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন সূচি।

রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।