নজরুল ইসলাম খান

সরকার হস্তক্ষেপ না করলে দুদিনেই খালেদা জিয়ার মুক্তি সম্ভব

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার আইনকে নিজেদের সুবিধামতো ব্যবহার করে। তারা বাধা না দিলে দুদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির’ দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া কোনো অপরাধ করেননি। তিনি কোনো দুর্নীতির সঙ্গেও জড়িত নন। কিন্তু সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন জেলখানায় বন্দি করে রেখেছে। তিনি বলেন, সরকার দুর্নীতি দমন কমিশন (দুদক) আর অ্যাটর্নি জেনারেলকে বলে দিক, তারা যেন খালেদা জিয়ার জামিন আবেদনে বাধা না দেন, তাহলেই তিনি মুক্তি পাবেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে খালেদা জিয়াকে বদ্ধ অবস্থায় রাখা হয়েছে। আর এ কারণেই তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। ওয়ান-ইলেভেনের সরকারের সময়েও খালেদা জিয়াকে এমন পরিবেশে রাখা হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, দলের নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, কর্মজীবী দলের নেতা আলতাফ হোসেন সরদার প্রমুখ।