আলোচনা সভায় ইনু

নুসরাত হত্যাকাণ্ডের জন্য তেঁতুল তত্ত্বের প্রচারক ও সমর্থকরাই দায়ী

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নুসরাত হত্যাকাণ্ড আবার প্রমাণ করল ধর্ষণ ও নারী নির্যাতনের জন্য ‘তেঁতুল তত্ত্বের’ প্রচারক ও সমর্থকরাই দায়ী। তিনি বলেন, ‘সুশাসনের জন্য বাংলাদেশ গড়তে হলে গণমাধ্যমকে ক্ষমতার অপব্যবহার ও সাম্প্রদায়িকতার তেঁতুল তত্ত্বের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আন্দোলন ৭১’-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাসদ সভাপতি বলেন, ‘এই তেঁতুল তত্ত্বের মালিকরাই একাত্তরে নারীদের গায়ে হাত দিয়েছিল। এই তেঁতুল তত্ত্বের লোকরাই ১৯৭৫ সালে অন্তঃসত্ত্বা নারীদের হত্যা করেছে।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনাদের দায়িত্ব ইতিহাস বিকৃতি ও হলুদ সাংবাদিকতা থেকে আপনাদের গণমাধ্যমকে মুক্ত করা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও তেঁতুল তত্ত্বের অপপ্রচারণা মোকাবিলা করতে হবেÑ এটাও আপনাদের চ্যালেঞ্জ। আপনারাই পারেন দেশটাকে নিরাপদ করতে, সমাজটাকে নিরাপদ করতে। সরকার উন্মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী ইনশাআল্লাহ থাকবে।’