বছরের প্রথম দিনেই একটি ভিডিও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। দিনের শুরুতেই নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে ইলিশ মাছ খাওয়ার ব্যাপারে সংযমী হতে আহ্বান জানান। একই সঙ্গে তিনি নুসরাত হত্যার বিচারও চান। তিনি ফেসবুকে বলেন, ছোঁয়াছুঁয়ি খেলার মতো এই ভিডিওটি যিনি দেখবেন তিনিও যেন এই কথাগুলো নিজে ভিডিও করে প্রচার করেন।
শাওন তার স্ট্যাটাসে বলেন, ‘মনে আছে ছোটবেলায় ছোঁয়াছুঁয়ি খেলতাম? আমি যাকে ছোঁব, সে বরফ হয়ে যাবে! আজ- আমি আমার এই ভিডিও দিয়ে দিলাম আপনাকে ছুঁয়ে। এবার আপনি, আপনার ভিডিও করে ছুঁয়ে দেবেন আপনার বন্ধুদের-ছড়িয়ে পড়ুক আপনার মুখে রেকর্ড করা এই ছড়াটির ভিডিও-
‘বছরের এই প্রথম দিন
সবাই মিলে শপথ নিন
সংযমী হলে এই দিন
ইলিশ পাব বহুদিন’
উল্লেখ্য, এই ভিডিও চ্যালেঞ্জের সূত্রপাত করেন আরেক জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। সাবার পথ ধরেই শাওন তার নিজের ভিডিওটি প্রকাশ করেন।