দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট নিলেন ইমরান তাহির। ব্যাটিংয়ে নিজের ৩৬তম আইপিএল ফিফটির দেখা পেলেন সুরেশ রায়না। রবীন্দ্র জাদেজার ব্যাটে উঠল ঝড়। এই তিনের নৈপুণ্যে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারাল চেন্নাই সুপার কিংস।
রোববার দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬১ রানের পুঁজি গড়ে কলকাতা। জবাবে ৫ উইকেট হাতে রেখে ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
নিজেদের অষ্টম ম্যাচে এটি চেন্নাইয়ের সপ্তম জয়। একমাত্র হারটি তাদের এই কলকাতার বিপক্ষেই। ১৪ পয়েন্ট নিয়ে দলটি আছে শীর্ষে। আর সমান ম্যাচে কলকাতার এটি চতুর্থ হার।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই যে খুব স্বস্তিতে এগিয়েছে তা নয়। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল। দুই ওপেনার শেন ওয়াটসন ৬ ও ফ্যাফ ডু প্লেসি ২৪ রান করে ফেরেন। তবে তিনে নামা সুরেশ রায়না খেলছিলেন দারুণ। শেষ পর্যন্ত যিনি ৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫৮ রান করেন।
পঞ্চম উইকেটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪০ রান যোগ করেন রায়না। ধোনি ১৬ রান করে ফেরেন। তার আগে কেদার যাদব ফেরেন ২০ রান করে। এরপর ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন রায়না ও জাদেজা।
শেষ ২ ওভারে ২৪ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। ১৯তম ওভারে টানা তিন বলে চার হাঁকিয়ে ম্যাচ সহজ করেন জাদেজা। শেষ ওভারে তাই ৮ রানের সমীকরণ দাঁড়ায়। একটি বাউন্ডারিসহ যার ৭ রানই নিয়েছেন জাদেজা। ১৭ বলে ৫ চারে অপরাজিত ৩১ রান করেন এই বাঁ-হাতি।
এর আগে কলকাতা লড়েছে ক্রিস লিনের ব্যাটে। এই ওপেনার প্রোটিয়া লেগ স্পিনার তাহিরের শিকার হওয়ার আগে ৫১ বলে করেছেন ৮২ রান। ৭ টি চারের সঙ্গে মেরেছেন ৬টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে নিতিশ রানার ব্যাট থেকে।
চেন্নাইয়ের পক্ষে ৪ ওভার বল করে ২৭ রান ব্যয়ে ৪ উইকেট নিয়েছেন জাদেজা। ম্যাচসেরার পুরস্কারও হাতে উঠেছে তার।