রাফাল চুক্তির পরে ফ্রান্স থেকে বিপুল কর ছাড় পেলেন আম্বানি

অনিল আম্বানির সংস্থার কাছে কর বাবদ ১৪ কোটি ৩৭ লক্ষ ইউরো বকেয়া ছিল ফরাসি সরকারের। রাফাল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার কয়েকমাস পরেই অনিল আম্বানির সংস্থা ‘রিলায়েন্স আটলান্টিক ফ্ল্যাগ ফ্রান্স’কে কর বাবদ বকেয়া টাকা ছাড় দেওয়ার ঘোষণা করে ফ্রান্স সরকার।

এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ফরাসি সংবাদপত্র ‘লা মদে’। যদিও রাফাল চুক্তি ও কর ছাড়ের মধ্যে কোনও সম্পর্ক নেই বলে রিলায়েন্স কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রিলায়েন্স বলছে, নিয়ম মেনেই এই কর ছাড় পেয়েছে সংস্থা।

আম্বানি পরিবারের পক্ষ থেকে যোগসূত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলেও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বিরোধী দলগুলি। লোকসভা ভোটের মধ্যে এই ইস্যুকে কাজে লাগিয়ে মোদি বিরোধী সুর আরও চড়াতে চাইছে শক্ত প্রতিপক্ষ কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এই কর ছাড়ের বিষয়টিকে নরেন্দ্র মোদির ‘আশীর্বাদ’ বলে মন্তব্য করেছেন।

ফরাসি সংবাদপত্রে প্রকাশিত খবরের উল্লেখ করে নরেন্দ্র মোদিকে রাফাল চুক্তির ‘মধ্যস্থতাকারী’ বলে দাবি করার পাশাপাশি বিজেপির নির্বাচনী স্লোগান ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ নিয়েও কটাক্ষ করেন তিনি।

রিলায়েন্স এর পক্ষ থেকে জানানো হয়েছিল, ফ্রান্সে যে সমস্ত সংস্থা ব্যবসা করে, তাদের জন্য এই সুযোগ রয়েছে। কিন্তু ‘রিলায়েন্স আটলান্টিক ফ্ল্যাগ ফ্রান্স’ ছাড়া আর কোন সংস্থা এই ধরনের কর ছাড় পেয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস।

ফরাসি সংবাদপত্র জানায়, দীর্ঘদিন ধরেই বকেয়া কর পরিশোধ না করার অভিযোগ উঠেছিল অনিল আম্বানির মালিকানাধীন সংস্থা ‘রিলায়েন্স আটলান্টিক ফ্ল্যাগ ফ্রান্স’-এর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ফ্রান্সের শুল্ক দপ্তর।

তদন্তে দেখা যায়, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ‘রিলায়েন্স আটলান্টিক ফ্ল্যাগ ফ্রান্স’-এর কাছে কর বাবদ বকেয়া রয়েছে ৬ কোটি ইউরো। বকেয়া কর সমঝোতার জন্য রিলায়েন্সের তরফ থেকে ৭৬ লক্ষ ইউরো দেওয়ার প্রস্তাব আসে। কিন্তু সেই আর্জি খারিজ করে আরও একদফা তদন্ত শুরু করে তারা। ২০১০-২০১২ সাল পর্যন্ত বকেয়া কর বাবদ অতিরিক্ত ৯ কোটি ১০ লক্ষ ইউরো দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শেষ পর্যন্ত দেখা যায়, ২০১৫ সালের এপ্রিল মাসে ফ্রান্স সরকারের কাছে কর বাবদ ‘রিলায়েন্স আটলান্টিক ফ্ল্যাগ ফ্রান্স’-এর বকেয়া রয়েছে ১৫ কোটি ১০ লক্ষ ইউরো।

এর মধ্যেই প্যারিসে ৩৬টি রাফাল যুদ্ধবিমান নিয়ে চুক্তির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই ঘোষণার মাত্র ছ’মাসের ব্যবধানে, অক্টোবর মাসে ফ্রান্সের শুল্ক দপ্তরকে মাত্র ৭৩ লক্ষ ইউরো দিয়ে বকেয়া কর সংক্রান্ত বিষয়টি নিয়ে সমঝোতা সেরে ফেলে অনিল আম্বানি।