ভারতে মুম্বই–আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য বনভূমির বিশাল একটি অংশ ধ্বংস হবে বলে জানা গেছে। এই প্রকল্পের জন্য ১,৫০,৭৫২টি ম্যানগ্রোভ কাটা পড়বে।
ভারতীয় গণমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়, এই বুলেট ট্রেন প্রকল্পের জন্য মহারাষ্ট্রের থানে এবং পালঘর জেলায় ১১৭ হেক্টর বনভূমি এবং ১৮.৯২ হেক্টর ম্যানগ্রোভ অরণ্য অধিগ্রহণ করা হবে। ইতিমধ্যেই বনভূমি অধিগ্রহনের ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রণালয়।
মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (এমসিজেডএমএ) গত মাসে এই প্রকল্পের জন্য ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ব্যাপারে অনুমতি দিতে অস্বীকার করে। এরপরই হাইকোর্টে মামলা করে ন্যাশনাল হাই–স্পিড রেল কর্পোরেশন।
হলফনামায় আদালতে কর্পোরেশন জানায়, এই প্রকল্পের জন্য ১৩১.৩ হেক্টর বনাঞ্চলের ওপর প্রভাব পড়বে। এর মধ্যে রয়েছে ৩২.৪৩ হেক্টর ম্যানগ্রোভ অরণ্যও। পাশাপাশি মহারাষ্ট্র সরকার জানিয়েছিল, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এবং থানে ক্রিক ফ্ল্যামিঙ্গো পাখিরালয়ের মধ্যে দিয়ে এই প্রকল্পের কাজ হবে। মামলায় এখনও কোনও রায় দেয়নি আদালত।