ঋষি কি সত্যিই ক্যানসারে আক্রান্ত?

গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন ঋষি কাপুর। মূলত চিকিত্সার কারণেই অভিনেতা সেখানে অবস্থান করছেন।

তিনি এতটাই অসুস্থ ছিলেন যে, মায়ের মৃত্যুর খবর পেয়েও মুম্বাইতে ফিরতে পারেননি। এখনও নিউইয়র্কে চিকিত্সা চলছে ঋষির। কিন্তু তার ঠিক কী হয়েছে?

বলি মহলের অনেকেরই আশঙ্কা, হয়তো ক্যানসারে আক্রান্ত ঋষি কাপুর। বছরের শুরুতে নীতু সোশাল মিডিয়ায় লিখেছিলেন, কর্কট যেন এবার থেকে শুধুমাত্র রাশিচক্রেই আটকে থাকে। সেই লেখা এই জল্পনা আরও বাড়িয়েছিল। যদিও এ ধরনের আশঙ্কার কথা প্রকাশ্যে উড়িয়ে দিয়েছিলেন ঋষির ভাই রণধীর। কিন্তু ক্যানসারের জল্পনাকে ফের একবার উস্কে দিলেন ঋষি স্বয়ং।

কারণ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত আসন্ন ছবি ‘কণ্ঠ’।

রোববারই মুক্তি পেল এই ছবির ট্রেলার। তার কিছুক্ষণের মধ্যেই তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋষি।

কিন্তু ‘কণ্ঠ’র বিষয় ক্যানসার। গলার ক্যানসার। আর সে ছবির ট্রেলার ঋষি শেয়ার করার পরই জল্পনা শুরু হয়েছে সিনে মহলে। তা হলে কি সত্যিই তিনি ক্যানসারে আক্রান্ত? সে কারণেই এই ছবির ট্রেলার তার মন ছুঁয়ে গেল?

তবে, এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ঋষি।