চলন্ত গাড়ির মধ্যে বন্ধুক হাতে টিকটক ভিডিও করার সময় বের হয়ে যায় গুলি। তাতে এক বন্ধুর হাতে প্রাণ গেলো আরেক বন্ধুর। রোববার রাতে এমনই এক ঘটনা ঘটেছে ভারতের নয়া দিল্লির দারিয়াগঞ্জে।
প্রাণ হারানো সোহেলের বয়স ১৯। পুলিশ জানিয়েছে, সে তার বন্ধু সালমানকে নিয়ে ইন্ডিয়া গেইটের সামনে গাড়ি চালাচ্ছিল। সালমান বসেছিলেন সোহেলের পাশের সিটে। সে দেশীয় একটি পিস্তল বের করে সোহেলের গালে ঠেকিয়ে টিক টক অ্যাপে ভিডিও বানানোর চেষ্টা করে। কিন্তু পিস্তল থেকে গুলি বের হয়ে যায়। প্রাণ যায় সোহেলের।
ঘটনার পর পরই ভীত-সন্ত্রস্ত হয়ে যায় সোহেল-সালমান। দ্রুত সোহেলকে দারিয়াগঞ্জের তার এক আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে রক্তাক্ত জামা পাল্টিয়ে সোহেলকে তার আত্মীয়রা দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে না ফেরার দেশে চলে যান সোহেল। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সতত্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। সালমানের এক আত্মীয় বলেন, “সালমানের দুই বন্ধু গত রাতে বাসায় আসে। তাকে তাদের সঙ্গে ইন্ডিয়া গেইটে যেতে বলে। এরপর সালমান তার গাড়ি নিয়ে বের হয়। আমরা এই ঘটনা জানতে পেরেছি পুলিশের কাছ থেকে; এরপর হাসপাতালে ছুটে যাই।”