‘তুমি বৈশাখী বৃষ্টিতে ভেজো, আর আমার আসে জ্বর, তুমি মুখ লুকিয়ে থাকো, আর তোমার সঙ্গে তাল মেলায় ঈশ্বর’ এমনই কথার মিষ্টি প্রেমের গানটি লিখেছেন মাসুম আওয়াল। কণ্ঠ দিয়েছেন শিহাব শাহরিয়ার ও মুক্তা বিশ্বাস।
‘বৈশাখী বৃষ্টি’ শিরোনামের গানটির সুর করেছেন শিহাব নিজেই। সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ।
নাজমুল রনি পরিচালিত ‘এই বৈশাখে’ নাটকে গানটির কিছু অংশ উপভোগ করেছেন দর্শক শ্রোতারা। অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয়মুখ অপূর্ব-মম। বৃষ্টিতে ভিজে নৃত্যের তালে মেতেছেন রুহি।
বৈশাখ উপলক্ষে গানটি প্রকাশ হয়েছে সেভেন টিউনের ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে দেখা হয়েছে অর্ধলক্ষবার।
গানটি নিয়ে শিহাব শাহরিয়ার বলেন, “আমার ভীষণ ভালোলাগার একটি গান ‘বৈশাখী বৃষ্টি’। গত বৈশাখে মাসুম আওয়ালের লেখা গানটি প্রকাশ করার ইচ্ছে ছিল। শেষে এই বছর গানটি প্রকাশ হলো।”
সঙ্গে যোগ করেন, “আমি ও আমার সহশিল্পী মুক্তা প্রাণ খুলে গাওয়ার চেষ্টা করেছি। সুমন কল্যাণ দাদা দারুণ সংগীতায়োজন করেছেন। নির্মাতা রনি ভাই, অপূর্ব ভাইয়া, মম আপু, রুহি আপু সবার কাছেই কৃতজ্ঞতা। এবার গানটি আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।”