বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে- চলতি এপ্রিলেই বিয়ে করছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। এ নিয়ে দুই তারকা এতদিন চুপ ছিলেন। অবশেষে মুখ খুলতেই হলো জনপ্রিয় আইটেম গার্ল ও রিয়্যালিটি শো’র বিচারককে।
বোম্বে টাইমসের বরাতে এ নিয়ে মালাইকার এক লাইনের মন্তব্য পাওয়া গেল। তিনি বললেন, “এইসব ফালতু গুজবের কোনো সত্যতা নেই।”
মার্চের শুরুতে অর্জুন ও মালাইকার বিয়ের গুজব শোনা যায়। ওই সময় তাদের ঘনঘন ডিনার ডেট ও বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায়। আর সব মিলিয়ে বিয়ের গুজবে থিতু হয় প্রেমের গল্প।
এটাও বলা হচ্ছে, আরবাজ খানের সঙ্গে মালাইকার ১৭ বছরের সংসার ভাঙার পেছনে রয়েছে অর্জুনের অসম বয়সী প্রেম।
সম্প্রতি বান্ধবীদের নিয়ে মালদ্বীপে প্রমোদ ভ্রমণে যান মালাইকা। এর কিছুদিন পরই মালদ্বীপের ছবি দেন অর্জুন। তার রেশ না কাটতেই দুজনকে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দী করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পরিবারের উপস্থিতিতে ১৮ থেকে ২২ এপ্রিলের মধ্যে গোয়ায় অর্জুন-মালাইকার বিয়ে হবে। হিন্দু ও খ্রিষ্টান দুই রীতিতে তারা মালাবদল করবেন।
শুধু মালাইকাই নন, এর আগে অর্জুনের বাবা বনি কাপুর বিয়ের পরিকল্পনার কথা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। যদিও তার চাচা অনিল কাপুরের মতে, ভাতিজা যেভাবে সুখী হয় তাতে তিনি খুশি।