সেনাদের জন্য পাকিস্তানি গান নকল করে বিতর্কিত বিজেপি নেতা

পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদী হামলাকে কেন্দ্র করে পাক-ভারতের মধ্যে সৃষ্ট যুদ্ধাবস্থার অবসান ঘটলেও, শেষ হচ্ছে না এ নিয়ে বিতর্ক। এমনকি নতুন নতুন বিতর্কও যুক্ত হচ্ছে এর সঙ্গে। ভারতের সেনাদের প্রতি উৎসর্গ করে গান গেয়ে বিপত্তি বাধালেন এক বিজেপি নেতা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, হায়দরাবাদের গোসামহলের বিধায়ক রাজা সিং গানটি প্রকাশের পরে দেখা যায়, সেটা একটি পাকিস্তানি গানের হুবহু নকল। গানটি পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর  (আইএসপিআর) দেশটির সেনাদের উদ্দেশে নিবেদন করেছিল। শুধু কয়েকটা শব্দ এদিক-ওদিক করা বদলে দিয়ে সেটি ভারতীয় সেনাদের উদ্দেশে নিবেদন করে চালিয়ে দিয়েছেন রাজা সিং।

গতকাল টুইটারে এক পোস্টে গানটি প্রকাশ করেন এ বিজেপি বিধায়ক। পোস্টে তিনি উল্লেখ করেন, গানটি ভারতীয় সেনাবাহিনীর প্রতি নিবেদন করা হলো। হ্যাশট্যাগ দিয়ে তিনি উল্লেখ করেন হিন্দুস্তান জিন্দাবাদ।

এদিকে গানটি প্রকাশের পরে দেখা যায়, এটি একটি পাকিস্তানি গানের হুবহু নকল। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পাকিস্তান জিন্দাবাদ শিরোনামে গানটি হিন্দুস্তান জিন্দাবাদ নামে চালিয়ে দেওয়া হয়েছে।

পাক আইএসপিআরের ডিজি মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় লেখেন, 'খুশি হয়েছি যে এটা নকল করা হয়েছে। কিন্তু নকল হলেও তা সত্যি কথাই বলছে। তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন পাকিস্তান জিন্দাবাদ। তবে বিজেপি বা রাজা সিং এ নিয়ে কোনো মন্তব্য করেননি।