তারুণ্যনির্ভর নাট্যদল প্রাচ্যনাট তাদের নতুন নাট্য প্রযোজনা ‘পলিথিন হাউস’ মঞ্চস্থ করতে যাচ্ছে। নাট্য নির্দেশক আজাদ আবুল কালাম-এর রচনায় নাট্য প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন মো. সাইফুল ইসলাম। ২৫ এপ্রিল সন্ধ্যা ৭:৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে।
উদ্বোধনী মঞ্চায়নের পূর্বে ওই দিন ৬:৩০ মিনিটে সাংবাদিক ও অতিথিদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এই প্রযোজনার মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীদের সংকটময় জীবন-যাপনের এক দৃষ্টান্তমূলক নিদর্শন। যা বিশ্ব বিবেকের কাছে এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে।
নাট্য প্রযোজনাটির সহকারী নির্দেশনায় রয়েছেন মো. শওকত হোসেন সজিব। অভিনয় করেছেন- রকি খান, শর্মি, শাহীন, তাহাদিল, প্রিয়ম, শর্মিলা, সাদি, শ্রাবণ শামীম, বুলবুল।
নাটকে দেখা যাবে, বৌদ্ধ প্রধান দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম জহির উদ্দীন সর্বস্ব হারিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রিফিউজি হিসেবে। সে তার পরিবার নিয়ে পলিথিনের তাঁবুর ভেতর থেকে সচরাচর বের হয় না। শুধু তিনবেলা সময় মতো খাবারের জন্য হাত বাড়ায় বা হাত পাতে। একজন স্বেচ্ছাসেবক জহির উদ্দীন পরিবারের এমন আচরণের কারণ খুঁজে বের করার জন্য এক রাতে জহির উদ্দীনের তাঁবুর সামনে এসে উপস্থিত হয়। সেখানে স্বেচ্ছাসেবক খুঁজে পায় সেই পরিবারের দুঃখ-দুর্দশার কথা, নিকট অতীতের কথা, বর্মি সৈনিকের নৃশংস হত্যাযজ্ঞের কথা, বৌদ্ধ ভিক্ষুর মুখের হাসির খোরাকের কথা, ইজ্জত লুটের কথা। এসব গল্প শুনে সীমিত সামর্থ্যরে এই স্বেচ্ছাসেবক কিছুটা আবেগতাড়িত হয়। অবস্থা সামলানোর চেষ্টা করে। কিন্তু এই সকল হিজিবিজি তথ্যের ভারে সে বিহ্বল হয়।
উল্লেখ্য, এই নাটকটি ইতিমধ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৮-তে মঞ্চায়িত হয়েছে, যেখানে নাটকটি দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে।