১৯ মে পর্যন্ত অ্যাকর্ডের কার্যক্রম চলতে বাধা নেই

বাংলাদেশে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে গঠিত গার্মেন্টস কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ডের কার্যক্রম চালানো নিয়ে করা মামলার পরবর্তী শুনানি ১৯ মে পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  

অ্যাকর্ডের করা সময়ের আবেদনের ওপর সোমবার শুনানি নিয়ে এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে ওই দিন পর্যন্ত অ্যাকর্ড কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে অ্যাকর্ডের পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিজিএমইএর পক্ষে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১১শর বেশি মানুষ নিহত ও প্রায় আড়াই হাজার মানুষ আহত হন। ওই ঘটনার পর একই বছরের ১৫ মে ইউরোপের ২০টি দেশসহ উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ২০০ ব্র্যান্ড এবং খুচরা ক্রেতা ও কয়েকটি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গার্মেন্টস কারখানা পরিদর্শনের জন্য অ্যাকর্ড গঠিত হয়।

সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, অ্যাকর্ডের ৫ বছরের নির্ধারিত মেয়াদ শেষ হলেও সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত ৬ মাস এ দেশে কাজ করার সুযোগ দেওয়া হয় অ্যাকর্ড এবং অন্য ক্রেতা জোট উত্তর আমেরিকার অ্যালায়েন্সকে। বর্ধিত সেই মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। এ নিয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট এক রায়ে বাংলাদেশে অ্যাকর্ডের কার্যক্রম গুটিয়ে নিতে নির্দেশ দেন। এরপর মামলাটি আপিল বিভাগে যাওয়ার পর বেশ কয়েকবার সময়ের আবেদন করে অ্যাকর্ড।