বাংলার নির্জনতম কবি জীবনানন্দ দাশের ধূসর পৃথিবীর গল্প এবার হাজির হচ্ছে রূপালি পর্দায়। ছবির নাম ‘সাতটি তারার তিমির’। দিলশাদুল হক শিমুল পরিচালিত এ চলচ্চিত্রটির ট্রেইলার উন্মুক্ত হয়েছে সম্প্রতি। ২ মিনিট ৫১ সেকেন্ডের সেই ট্রেলারে যেন চিত্রিত হয়েছে এক কবিতা।
প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে রূপসী বাংলার রূপ। পরিচালক যেন জীবনানন্দের ধূসর পৃথিবীকেই তুলে ধরতে চেয়েছেন দৃশ্যের পর দৃশ্যে।
দেশ রূপান্তরকে পরিচালক জানিয়েছেন, এই ছবির কলাকুশলীদের সবাই থিয়েটার কর্মী। সিনেমাতে বেশির ভাগ শিল্পীই যেমন নতুন, তেমনি রয়েছেন সিনেমার জনপ্রিয় তারকারাও। তবে কোনো তারকার নাম বলতে নারাজ পরিচালক।
পরিচালক দিলশাদুল হক শিমুল দেশ রূপান্তরকে বলেন, ‘এই মুহূর্তে জনপ্রিয় শিল্পীদের নাম বলতে চাই না। এটা চমক হিসেবেই রেখে দিতে চাই। মুক্তির ঠিক আগে অবশ্যই তাদের নাম প্রকাশ করব। এতটুকু বলতে চাই, এই সিনেমায় এমন একজন বড় তারকা আছেন যাকে দেখে সবাই চমকাবেন, এটা শিওর।’
ছবিটির শুটিং হয়েছে গোপালগঞ্জে, ফরিদপুর, ঢাকা ও কলকাতায়। ঈদের পর ছবিটি মুক্তির কথা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।